অতিথি পাখি শিকার বন্ধ হোক

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:০৫

বাংলাদেশের সর্ববৃহত্ বিল চলনবিল। সামনেই শীত। প্রতি বছরের মতো এরই মধ্যে চলনবিল এলাকায়  দেখা দিতে শুরু করেছে অতিথি পাখি। শীতকালে সাইবেরিয়াসহ বিভিন্ন অঞ্চল তীব্র শীতে আক্রান্ত হয়। এসব অঞ্চলে তুষারপাত ঘটে, বরফ আচ্ছন্ন থাকে। এসময় এসব অঞ্চলে পাখিদের টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। যার দরুন প্রাণ বাঁচাতে পাখিগুলো হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশে এসে আশ্রয় নেয়। শীত শেষে তারা আবার ফিরে যায় তাদের আপন ঠিকানায়।  প্রতিবছরই এক শ্রেণির মানুষ অর্থের লোভে নির্মমভাবে শিকার করে অতিথি পাখিগুলো। বিস্তীর্ণ মাঠে বিশেষ কায়দায় সারি সারি তৈরি ফাঁদ, জাল, বিষটোপ কিংবা বড়শি দিয়ে নির্বিচারে শিকার করে থাকে তাদের। বিশেষ করে রাতে ও ভোরবেলা শিকার বেশি হয়। লোকবলের অভাবে তেমন কিছু করা সম্ভবও হয় না। এসব পাখি প্রকৃতির বন্ধু, প্রকৃতির শোভাবর্ধনকারী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অতিথি পাখির শিকার বন্ধ অতীব জরুরি। তাই সচেতন নাগরিক, পরিবেশবাদী সংগঠন, মিডিয়াকর্মী এবং সরকারের সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহম্মদ শাহিন

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয়