গাজীপুরের শ্রীপুর থেকে অপহরণের পর অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে ৫ মাস বয়সি শিশুকে উদ্ধার করেছে জেলা পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানার মিরদেওহাটা গ্রাম থেকে তাকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক দম্পতিকে আটক করা হয়। অপহূত শিশুটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা দীঘিরপাড় গ্রামের হাসান মিয়া-লাইজু দম্পতির। তারা গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া (বড়চালা) গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সিরামিক কারখানায় চাকরি করেন। গ্রেফতারকৃতরা হলেন—টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার শশধরপটি গ্রামের বাদল মিয়ার ছেলে হূদয় মাহমুদ ও তার স্ত্রী সোনালী আক্তার। গতকাল বিকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আল মামুন প্রমুখ।
পুলিশ সুপার জানান, লাইজু বেগম গত মঙ্গলবার দুপুরে তার মেয়েকে প্রতিবেশী ভাড়াটিয়া সোনালী আক্তারের কাছে রেখে গোসল করতে যান। এ সুযোগে সোনালী বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়। গোসল শেষে ঘরে গিয়ে মেয়েসহ সোনালী আক্তারকে না পেয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আল মামুনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মিরদেওহাটা গ্রামের একটি বাড়ি থেকে অপহূত শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করেন। উদ্ধারকৃত শিশুকে তার মায়ের কোলে ফিরে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, অপহরণকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান না থাকায় তারা শিশুটিকে অপহরণ করে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
