নৌবাহিনীর এক কর্মকর্তাকে হাজি সেলিমের ছেলে এরফান সেলিমের মারধরের ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে হাজি সেলিমের পরিবারকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে অপপ্রচার আখ্যা দিয়ে ঢাকা-৭ আসনের এই সংসদ সদস্যের পক্ষে সংবাদ সম্মেলন করেছে পুরান ঢাকার ব্যবসায়ী সংগঠনগুলো। গতকাল মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা। ব্যাবসায়িক ঐক্য ফোরামের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় ব্যাবসায়িক সংগঠন হিসেবে তারা হাজি সেলিম এবং তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ পায়নি।
লিখিত বক্তব্যে আবু মোতালেব বলেন, সাম্প্রতিক পুরাতন ঢাকার একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য হাজি মো. সেলিমকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার যেমন—চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা পুরাতন ঢাকার ব্যবসায়ীদের চলমান ব্যবসা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে স্থানীয় সংসদ সদস্যের মদিনা গ্রুপ ও গ্রুপের অন্তর্গত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ আতঙ্ক অবস্থায় আছে। মদিনা গ্রুপ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যার মাধ্যমে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার কর্মচারী তাদের জীবন নির্বাহ করে আসছে। এ পরিস্থিতিতে মদিনা গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত হাজি সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুরান ঢাকার যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পুলিশ কমিশনার ও ডিএমপি ট্রাফিক বিভাগের সহযোগিতার পাশাপাশি ট্রেড লাইসেন্সের ওপর আরোপিত উত্স কর প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
