অপসাংবাদিকতা রোধে অনশন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি চক্র সাংবাদিকতার নামে নানা অপকর্ম করছে। এতে মূলধারার সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। এ সময় সাংবাদিকদের কর্মসূচিতে একাত্ম হয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম যোগ দেন। বিষয়টি স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের নজরে এলে ইউএনও মো. শিবলী সাদিকের নির্দেশে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, ভূমি অফিসের সার্ভেয়ার মো. আব্দুল আলীম সাংবাদিকদের শরবত পান করিয়ে অনশন ভাঙান।
এ সময় তারা বলেন, অপসাংবাদিকতা রোধে মূলধারার সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে। তাই অনশন না করে মূলধারার সব সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে ঐসব অপসাংবাদিকতার বিরুদ্ধে কলম চালিয়ে যেতে অনুরোধ করেন।
