রাজধানীতে নবাব পরিবারের সন্তান ও মন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে ছয় জন গ্রেফতার হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ তাদের মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— নবাব খাজা আলী হাসান আসকারী, মোঃ রাশেদ ওরফে রহমত আলী ওরফে রাজা, মীর রাকিব আফসার, সজীব ওরফে মীর রুবেল, আহম্মদ আলী ও বরকত আলী ওরফে রানা। জিজ্ঞাসাবাদের জন্য তাদের গতকাল তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম জানান, গত ২৪ অক্টোবর মোহাম্মদপুর থানায় বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ একটি মামলা হয়। অভিযোগে বলা হয়, করোনার কারণে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৫০০ লোক নিয়োগ দেওয়া হবে মর্মে মামলার বাদীকে বিদেশ যেতে আগ্রহী ৪০০ লোক সংগ্রহ করতে বলেন নবাব খাজা আলী হাসান আসকারী। তার কথায় বিশ্বাস করে বাদী বিদেশ গমনে আগ্রহী ৪০০ লোকের কাছ থেকে ৩ কোটি ৩৫ লাখ টাকা তাকে প্রদান করে। কিন্তু টাকা পেয়ে কাউকে বিদেশে না পাঠিয়ে বাদীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তিনি বলেন, বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত নবাব পরিবারের সীল, ওয়াকিটকি সেট, বেতারযন্ত্র, ভিওআইপি সরঞ্জাম, ল্যাপটপ, একাধিক মোবাইল ফোনসেট, সিমকার্ড, মেডিক্যাল রিপোর্ট ও পাসপোর্টের কপি ও বিভিন্ন ভুয়া কোম্পানির লিফলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তৌহিদুল ইসলাম জানান, এই চক্রটি ১০ কোটি টাকার বেশি প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। চক্রের প্রধান নবাব খাজা আলী হাসান আসকারী নিজেকে নবাব সলিমুল্লাহর নাতি হিসেবে পরিচয় দেন।
