দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। দেশে করোনা ভাইরাস শনাক্তের ২৩৬তম দিনে ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেছেন। বুধবারের চেয়ে গতকাল দুই জন বেশি মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৮৮৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৬ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২১ হাজার ২৮১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৮১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার ১২ হাজার ৩৫৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ২৩ লাখ ১০ হাজার ৫৮৯ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ৪ হাজার ৭৬০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৫২ শতাংশ।
