বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বৃহস্পতিবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে।
বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আনোয়ার হোসেন বলেন, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী বন্দীদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মিন্নিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ পুরুষ বন্দি এখনো বরগুনা জেলা কারাগারে আছেন বলে জানান তিনি।
গত ৩০ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের পর থেকেই বরগুনা জেলা কারাগারের নারী কনডেম সেলে বন্দি ছিলেন মিন্নি।
