শিশুকন্যাকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণ!

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:৫৬

কুমিল্লার তিতাসে আড়াই বছরের শিশুকন্যাকে ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে তার মাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগীর বোন। পুলিশ বুধবার বিকালে মামলার একমাত্র আসামি যুবক শাওনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে এক শিশু শিক্ষার্থীকে বলাত্কারের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা, গাইবান্ধার সাদুল্লাপুর এবং চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগরে চার শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব ঘটনায় গ্রেফতার হয়েছে দই জন।

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা জানান, উপজেলার সাতানী ইউনিয়নের দ্বিতীয় গোবিন্দপুর গ্রামে গত ১৮ অক্টোবর রাতে আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন ভুক্তভোগী নারী। রাত প্রায় ১টার দিকে কারো স্পর্শে ঘুম ভাঙলে তিনি দেখতে পান একই বাড়ির মনিরুজ্জামানের ছেলে (সম্পর্কে দেবর) শাওনকে (৩৫)। ঐ নারী চিত্কার করতে চাইলে শাওন পাশে ঘুমিয়ে থাকা ভুক্তভোগীর আড়াই বছরের শিশুকন্যার গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন। পরদিন ঐ নারীর বোন শাওনকে আসামি করে আদালতে অভিযোগ দাখিল করেন। তিতাস থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, ২৩ অক্টোবর আদালতের এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। পরে ভিকটিমের মেডিক্যাল চেকআপ করানো হয়। আসামি শাওন ঘটনার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা জানান, ১০ বছরের শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাত্কারের অভিযোগে আব্দুল আজিজ (৩০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহেবাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজিজ উপজেলার রাজদীঘি সাহেরার ফুল জামিয়া কুরআনিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক এবং নাটোর জেলার সিংড়া উপজেলার পুন্ডরি এলাকার মো. ছটু মিয়ার ছেলে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, উপজেলার আলগী ইউনিয়নের গুলপানদী গ্রামে আপন চাচির সহায়তায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল ছাত্রীর বাবা চার জনকে আসামি করে মামলা করেছেন। এরা হলো :সাব্বির মুন্সি, চাচি রূপালী বেগম, ইব্রাহীম শেখ ও আব্দুল্লাহ মাতুব্বর। গত ৮ সেপ্টেম্বর এই ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি যাতে কেউ না জানে, সেজন্য ধর্ষকেরা ছাত্রীটিকে মেরে ফেলারও হুমকি দেয় বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক শওকত হোসেন জানান, আসামিদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, প্রেমের ফাঁদে ফেলে সাদুল্লাপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রান্তিক কুমার সরকার (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক প্রান্তিক সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের পরিতোষ চন্দ্র সরকারের ছেলে। সে গত ১০ আগস্ট রাতে ঐ কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, উপজেলার হরিশপুর গ্রামে গত বুধবার ছয় বছর বয়সি নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা মোনতাজ আলীকে রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গতকাল শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, উপজেলার কয়া গ্রামে গত বুধবার ছয় বছরের এক শিশুকে চকলেট দেওয়ার নাম করে যৌন হয়রানির অভিযোগে মল্লিক হোসেন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আসামিকে চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ।

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা জানান, রাতের আঁধারে ঘরে প্রবেশ করে গৃহবধূকে (৩৩) ধর্ষণচেষ্টার অভিযোগে হাছান আমিন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  হাছান ঐ গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

হিজলায় গৃহবধূকে চার বছর ধরে ধর্ষণ:থানায় মামলা

বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা :হিজলায় বিয়ের প্রলোভন দেখিয়ে চার বছর ধরে ধর্ষণ ও নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা করেছেন এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার হিজলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের জামাল সরদারকে আসামি করে থানায় এ মামলা করেন ওই ভুক্তভোগী নারী।

মামলায় অভিযোগে বলা হয়, চার বছর আগে বাউশিয়া গ্রামের জব্বারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তার প্রতি নজর পড়ে একই বাড়ির জামাল সরদারের। বিয়ের কিছু দিন পর স্বামী জব্বার নদীতে মাছ ধরতে গেলে গভীর রাতে জামাল সরদার ঘরে প্রবেশ করে। এরপর জব্বারকে হত্যার ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নগ্ন ছবি তুলে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে গত চার বছর ধরে তাকে ধর্ষণ করে আসছে জামাল সরদার।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, গৃহবধূর দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।