রায়হানের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ রিমান্ডে

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:৫৮

সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদ হত্যা মামলায় বরখাস্তকৃত দুই পুলিশ সদস্যকে রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রত্যাহারকৃত এএসআই আশেক এলাহীর পাঁচ দিনের এবং ২৪ অক্টোবর গ্রেফতার হওয়া সাময়িক বহিষ্কৃত পুলিশ কনস্টেবল হারুনুর রশীদকে ২য় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তায় এ দুজনকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মহিদুল ইসলাম জানান, আশেক-ই এলাহির সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর পাঁচ দিনের রিমান্ড শেষে কনস্টেবল হারুনুর রশীদকেও বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয়। আদালতে জবানবন্দি দিতে রাজি না হওয়ায় দ্বিতীয় দফায় তার আরো পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে পুলিশ লাইনস থেকে সাময়িক বহিষ্কৃৃত আশেক-ই এলাহিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় তিন পুলিশ সদস্যসহ চার জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে এখনো প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন পলাতক রয়েছে। আর সন্দেহভাজন অন্য পুলিশ সদস্যরা পুলিশ লাইনসে হেফাজতে আছেন।