নারী শ্রমিকদের সহায়তায় ইউএসএআইডি ও মার্কিন কোম্পানির সমঝোতা স্মারক সই

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০০:২০

ভিয়েতনামের হ্যানয় থেকে অনলাইনে আয়োজিত যুক্তরাষ্ট্র সরকারের তৃতীয় বার্ষিক ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামের অধিবেশন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বনি গ্লিক মার্কিন খুচরা বিক্রেতা, পোশাক ও জুতা কোম্পানিগুলোর জোট ও শিল্প সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে ইউএসএআইডির নতুন সমঝোতা স্মারক (এমওইউ) ঘোষণা করেছেন। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত পণ্য উত্?পাদনে নিয়োজিত বিশেষত নারী শ্রমিকদের দ্বারা চালিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মরত শ্রমিকদের জন্য প্রয়োজনীয় ত্রাণসহায়তা দেওয়া হবে। সমঝোতা স্মারকে ইউএসএআইডির পক্ষে ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর গ্লিক এবং আমেরিকান পোশাক ও জুতা অ্যাসোসিয়েশনের পক্ষে জোটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ লামার স্বাক্ষর করেছেন।

কোভিড-১৯ মহামারির কারণে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায় মারাত্মক ক্ষতিসাধন এবং বাণিজ্য ও বিনিয়োগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। ফলে বিশ্ব জুড়ে সম্মুখসারির শ্রমিকরা ঝুঁকিতে পড়েছে এবং বিভিন্ন খাতে কর্মরত লাখ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন, যাদের মধ্যে একটি বড় অংশ হলেন নারী শ্রমিক। এই সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের পোশাক, জুতা ও ফ্যাশনসংশ্লিষ্ট খাতের শ্রমিকদের যে সমস্যাগুলো রয়েছে তা নিরসনে আগামী বছরগুলোতে ইউএসএআইডি এবং খাতসংশ্লিষ্ট বাণিজ্য জোট একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হলো।