কোজাগরী লক্ষ্মীপূজা আজ

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০০:২৩

হিন্দুদের অন্যতম ধর্মীয় উত্সব কোজাগরী লক্ষ্মীপূজা আজ। শারদীয় দুর্গোত্সব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা এই পূজা করে থাকে। কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তী’ থেকে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, কোজাগরী পূর্ণিমার নিশীথে দেবী প্রতিটি হিন্দুগৃহে বলে থাকেন, ‘কে আছ জেগে?’ পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় আঁকা হবে লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন করা হবে। হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন।

হিন্দু শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে। আগামী শনিবার সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে এই তিথি শেষ হবে। সারা দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপের পাশাপাশি হিন্দুদের ঘরে ঘরে সকালে পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হবে।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, রাধামাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রাচীনকাল থেকেই বাঙালি হিন্দু সমাজে রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ পর্যন্ত সবাই লক্ষ্মী দেবীর পূজা করে আসছেন।