ডিএসসিসিতে প্রকাশ্যে ধূমপান করায় ৫০০ টাকা জরিমানা

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০০:৩২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে প্রকাশ্যে ধূমপান ও মাস্ক পরিধান না করার অপরাধে এক সেবা গ্রহীতাকে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দায়ের করা হয় একটি মামলাও। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার মো. নবীন নামে ঐ ব্যক্তিকে জরিমানা করেন এবং তার বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় মামলা দায়ের করেন।

এছাড়া ৫৫ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ শতাংশ জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক ও মিনি-ট্রাকের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। অভিযানকালে রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখা এবং বাঁশের আড়ত প্রতিষ্ঠার মাধ্যমে ডিএসসিসির সম্পত্তি দখল করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ৭ ও ৮ ধারা মোতাবেক দুটি মামলা করা হয়। এছাড়া প্রত্যেককেই নগদ ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ট্রাক ও মিনি-ট্রাকের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করে তা স্থানীয় কাউন্সিলর মো. নুরে আলম চৌধুরীর তত্ত্বাবধানে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া ডিএসসিসির অন্য এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৩৬টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি একটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় একটি মামলা দায়ের ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-৮-এর সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৪৫টি স্থাপনা পরিদর্শন করেন এবং একটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় ও মামলা দায়ের করেন।