সিরাজগঞ্জে ফরিদা খুনের মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১১:৩১

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর প্রেমিকা ফরিদা খুনের মামলার প্রধান আসামি প্রেমিক মজিদকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুরের উপজেলার নগরড়ালা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল বাছেদ, আব্দুল আউয়াল, জয়নুল আবেদীন, আক্তার হোসেন, আব্বাস আলী, আমীর চান, মোক্তার হোসেন প্রমুখ।

বক্তারা প্রেমিকা ফরিদা হত্যা মামলার প্রধান আসামি প্রেমিক মজিদসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।তা না হলে অচিরেই বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণার হুমকি দেন।

মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ ও শিশু কিশোর অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের বাজার এলাকা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, এক সন্তানের জননী তালাকপ্রাপ্ত ফরিদা তার একমাত্র ছেলেকে সাথে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিল দীর্ঘদিন ধরে। এ সুযোগে পাশের গ্রামের মজিদের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। তাদের এ গভীর প্রেমের বিষয়টি জানার পর মজিদকে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করানো হয়। এরপরেও মজিদ গোপনে ওই প্রেমিকার সাথে আবারো প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে প্রেমিকা গর্ভবতী হয়ে পড়ায় বিয়ের জন্য চাপ দেয়। এতে প্রেমিক মজিদ তাকে বিয়ে করতে অস্বীকার করে। অবশেষে বিয়ের দাবিতে শনিবার বিকেলে ওই প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে প্রেমিকা। এ সময় ওই পরিবারের লোকজন তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এতে ফরিদা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই ফরিদার ছেলে ফরিদ আলী বাদী হয়ে মজিদসহ ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমআরএম