কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার মত প্রকাশের স্বাধীনতার ওপর মন্তব্য করেছেন। শুক্রবার তিনি বলেছেন, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে তার একটা নির্দিষ্ট সীমা-পরিসীমা রয়েছে। কোনোক্রমেই এই সীমা লঙ্ঘন করা যাবে না।—টাইমস অব ইন্ডিয়া
ট্রুডো বলেন, নির্বিচারে এবং অপ্রয়োজনে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে আঘাত করা উচিত নয়। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে মহানবি হজরত মুহাম্মদ (স.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা উচিত। তবে এর সঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, মত প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সীমারেখা থাকা উচিত এবং তা লঙ্ঘন করা উচিত নয়। আমাদের অন্যদের প্রতি সম্মান জানাতে হবে। আমরা সমাজ ও পৃথিবীতে যাদের সঙ্গে সবকিছু ভাগাভাগি করে থাকছি তাদের নির্বিচারে এবং অপ্রয়োজনে আঘাত করা মোটেও উচিত নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই উচিত কথা বলার সময় সাবধানতা অবলম্বন করা যাতে তা অন্য ধর্মকে অসম্মান না করে।
বহু মতামত, ভিন্ন ভিন্ন আদর্শ এবং সম্মানজনক সামাজিকতার বিষয়টি উল্লেখ করে ট্রুডো বলেন, আমরা যেসব কথা বলি, অন্যদের প্রতি যে আচরণ করি, বিশেষ করে সেসব সম্প্রদায় ও জনগোষ্ঠী যাদের ভয়াবহ বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের প্রতি এর প্রভাব সম্পর্কে আমরা নিজেদের কাছে দায়বদ্ধ। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এটি অযৌক্তিক এবং আমাদের ফরাসি বন্ধু যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে এই কর্মকাণ্ডের প্রতি কানাডা তীব্র নিন্দা জানায়।’
ইত্তেফাক/আরআই
