লোহাগাড়ায় বনবিভাগের জায়গা উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০৯:১৭

চট্টগ্রামের লোহাগাড়া চুনতি রেঞ্জের আওতাধীন  হারবাং গয়ালমারা এলাকায় বনবিভাগের দখল করা ২০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে।  শনিবার বিকেল  বনবিভাগ অভিযান পরিচালনা করে উক্ত জায়গা উদ্ধার করে।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর অধীনে চুনতি রেঞ্জের হারবাং বিটে গয়ালমারা নামক এলাকায় চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের  নির্দেশে পদুয়া সহকারী বনসংরক্ষক শওকত ইমরান আরাফাতের নেতৃত্বে চুনতি রেঞ্জ, বারবাকিয়া রেঞ্জ, মাদার্সা রেঞ্জ এবং পদুয়া রেঞ্জের যৌথ অভিযানের মাধ্যমে একটি টিনের ঘর অপসারণ পূর্বক জবরদখল উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত বন ভূমির পরিমাণ ২০ শতাংশ। তাৎক্ষণিক উদ্ধারকৃত জায়গায় বনবিভাগ গাছের চারা রোপন করে। অভিযানে  ছিলেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,চুনতি বনরেঞ্জ কর্মকর্তা ওবায়দুল হক, বারবাকিয়া রেঞ্জ অফিসার গফুর মোল্যা,হারবাং বিট কর্মকর্তা শাহীনুর রহমান, বড়দুয়ারা স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান খাঁন,সাতগড় বিট কর্মকর্তা মাসুদ পারভেজ।

হারবাং বিট কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান জানান, প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে হারবাং গয়ালমারা এলাকায় বনবিভাগের ২০ শতাংশ জায়গা দখল করে রাখে এবং  দখলকৃত জায়গা টিনের ঘর তৈরী করে। শনিবার বিকেলে  জবরদখলকৃত জায়গা উচ্ছেদপূর্বক উদ্ধার করে উদ্ধারকৃত জায়গায় গাছের চারা রোপন করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম