কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৫:৫১

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের বৃদ্ধ কাছুম আলীকে হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

রবিবার (১ নভেম্বর) কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, রেখা আক্তার ও হামিদা বেগম। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ে জেলা ম্যাজিস্ট্রেটকে জরিমানার টাকা আদায় করে নিহতের পরিবারকে প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিল।

মামলার বিবরণে, ২০১৬ সালের ২৪ মার্চ সকালে মধ্য গোবিন্দপুর গ্রামের একটি পুকুরে ময়লা কাপড় ধোয়াকে কেন্দ্র করে কমলা বেগম ও রেখা আক্তারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে এই ঝগড়ায় রেখা আক্তারের মেয়ে বৃষ্টি আক্তার ও হামিদা বেগম এসে যোগ দিয়ে কমলা বেগমকে মারপিট করতে থাকে। ডাক-চিৎকার শুনে কমলা বেগমের বৃদ্ধ পিতা কাছুম আলী এগিয়ে আসলে তাকে বাঁশের লাঠি দ্বারা আঘাত করা হয়। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরো পড়ুনঃ খুলেছে জাতীয় চিড়িয়াখানা, মানতে হচ্ছে যে সব শর্ত    

এ ব্যাপারে নিহতের কন্যা কমলা বেগদ বাদী হয়ে রেখা আক্তার, তার মেয়ে বৃষ্টি আক্তার ও হামিদা বেগমের বিরুদ্ধে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে রেখা আক্তার ও হামিদা বেগমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বৃষ্টি আক্তার নাবালিকা হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে পৃথক চার্জশিট দাখিল করা হয়। বর্তমানে তার মামলাটি শিশু আদালতে বিচারাধীন রয়েছে।
    
এসময়, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি জীবন কুমার রায় এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নূর মোহাম্মদ।

ইত্তেফাক/এমএএম