ভূমি ডিজিটাল সার্ভের রেকর্ড পূর্বের সার্ভের রেকর্ডকে প্রতিস্থাপন করবে

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৬:০৬

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি বলেছেন পটুয়াখালী ও বরগুনায় শীঘ্র শুরু হতে যাওয়া বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস / বিডি জরিপ) পর্যায়ক্রমে দেশব্যাপী পরিচালনা করা হবে। বিডিএস-এ প্রাপ্ত হালনাগাদ রেকর্ড পূর্বের সার্ভের রেকর্ডকে প্রতিস্থাপন করবে। 

আজ রবিবার ( ১ নভেম্বর) রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত অফিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (ওটিআই) মসজিদ সংলগ্ন মাঠে, বাংলাদেশ সিভিল সার্ভিস এর প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডার এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১২৩তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।  

ভূমিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর 'ডিজিটাল বাংলাদেশ' বিনির্মাণের দূরদর্শী উদ্যোগের ফসল হিসাবে ভূমি মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ 'ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০' অর্জন করেছে। 

এরই ধারাবাহিকতায় অপ্রতুল ভূমি সম্পদের যথাযথ ব্যবহার করে দেশের ভূমি সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখতে ‘মৌজা ও প্লট-ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প'-এর কাজ দ্রুত শুরু করা হচ্ছে - সাইফুজ্জামান চৌধুরী এসময় জানান।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, আইন মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন অধিদপ্তর কর্তৃক সম্পাদিত ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা সম্পর্কিত ডিজিটাল কার্যক্রমের সাথে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত ডিজিটাল কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হবে। আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্প্রতি পাইলটিং হওয়া অনলাইনে ভূমি কর ব্যবস্থাপনা আগামী বছরের জুলাই হতে দেশব্যাপী চালু কারতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। 

বাংলাদেশে ব্রিটিশ আমলে বেশ কয়েকটি জরিপ সম্পাদিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য জরিপ হচ্ছে ক্যাডাস্ট্র্যাল সার্ভে (সিএস সার্ভে)। এরপর পাকিস্তান আমলে সম্পাদিত উল্লেখযোগ্য জরিপ হচ্ছে স্টেট একুইজিশন সার্ভে (এসএ সার্ভে) এবং রিভিশনাল সার্ভে (আরএস সার্ভে) যা মূলত এসএ সার্ভের সংশোধন। সর্বশেষে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পর  উল্লেখযোগ্য জরিপ হচ্ছে বাংলাদেশ সার্ভে (বিএস সার্ভে), দিয়ারা সার্ভে ও ঢাকা সিটি সার্ভে (সিটি জরিপ)। বাংলাদেশ ডিজিটাল সার্ভের (বিডিএস) মাধ্যমে সমগ্র বাংলাদেশে আগের সার্ভে/জরিপ গুলোর রেকর্ড হালনাগাদ করা হবে। 

ডিএলআরএস-এর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএলআরএস পরিচালক (ভূমি রেকর্ড) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও ডিএলআরএস পরিচালক (প্রশাসন) এবং এ প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক এ. টি. এম নাসির মিয়া সহ ভূমি মন্ত্রণালয় ও ডিএলআরএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। 

ইত্তেফাক/এসআই