সুনামগঞ্জে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর বরাদ্দের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৬:১৫

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের আবাসিক ঘর বরাদ্দের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দাবি, একটি চক্র অনিয়ম করে সচ্ছল মুক্তিযোদ্ধাদের নামে তালিকা তৈরি করে চলেছেন। এর প্রতিবাদে রবিবার দুপুরে শাল্লা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আয়োজন এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জয়কুমার বৈষ্ণব, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র দাস,বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, বীর মুক্তিযোদ্ধা লাল মোহন দাস, বীর মুক্তিযোদ্ধা অনিল দাস,বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র দাস, বীরাঙ্গনা মুক্তাবাণু, বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার, শহীদ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সাধনা রানী দাস প্রমুখ। 

বক্তারা বলেন, ঘর বরাদ্দের তালিকা তৈরিতে অনিয়ম বন্ধের জন্য বঞ্চিত মুক্তিযোদ্ধারা গত ২৭ অক্টোবর সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অবিলম্বে এই অনিয়ম বন্ধের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান। 

ইত্তেফাক/এসি