করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান (৬৩)। রবিবার দুপুরে সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার কক্সবাজার ঈদগাদ ময়দানে স্বাস্থ্যবিধি মেনে মাগরিবের নামাজের পর তার নামাজে জানাজা এবং পরে বাহারছড়া কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মরহুমের ভাগিনা ও জামাতা কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক মঈনুল হাসান পলাশ।
পারিবারিক সূত্র জানায়, গত ১৫ দিন আগে তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত সাতদিন আগে তাকে সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল আবছার, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগী প্রমুখ।
ইত্তেফাক/এসি
