ধাপে ধাপে ভাবছেন ইমন

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:০৬

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। আহম হয়ে মাঠ ছেড়ে আবার ফিরে খেলেছিলেন প্রায় ম্যাচ জিতিয়ে ফেলা এক ইনিংস। সেখান থেকে এখন পরের ধাপে যাওয়ার অপেক্ষায় আছেন পারভেজ হোসেন ইমন।

ইতিমধ্যে বড়দের সঙ্গে প্রেসিডেন্টস কাপ খেলে ফেলেছেন। হয়তো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলবেন। সামনে জাতীয় দলের হাতছানি। তবে ইমন একবারে বড় কিছু না ভেবে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা করছেন। আপাতত এইচপি ক্যাম্পে আছেন, সেটা নিয়েই ভাবছেন।

এইচপির নতুন কোচ টবি রেডফোর্ডের কাছ থেকে ভালো কিছু শেখার সুযোগ পাচ্ছেন বলে বলছিলেন ইমন, ‘অবশ্যই অনেক ভালো লাগছে। অনেক আলাদা। নতুন কোচ আসছে। অনূর্ধ্ব-১৯ থেকে ভিন্ন লাগছে। ভালো ভালো টেকনিক শেখাচ্ছে, যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ঐ টেকনিকগুলো নেওয়ার চেষ্টা করছি।’

ইমন বলছিলেন, জাতীয় দল নিয়ে তিনি অবশ্যই স্বপ্ন দেখেন। তবে সেটা ধাপে ধাপে ভাবতে চান, ‘উনি (টবি) ব্যাটিংয়ের কিছু কাজ করছে। সামনে খেলার, এগুলোই অনেক ভালো লাগছে। অবশ্যই স্বপ্ন আছে জাতীয় দলের খেলার। চেষ্টা করছি ধাপে ধাপে ওপরে ওঠার। এইচপিতে খেলব, এরপর ‘এ’ টিম এরপর ধাপে ধাপে ওঠার চেষ্টা করব।’

যুব বিশ্বকাপের চিন্তা মাথায় আসে না, তা নয়। তবে ইমন ঐ অর্জন পেছনে রেখে সামনে তাকাতে চান, ‘ঐটাতো থাকবেই। ঐটা আমাদের অনেক বড় একটি অর্জন ছিল। ঐটা যেটা হয়েছে সেটা শেষ, এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি।’

এখন নিজের ব্যাটিংটা আরো ভালো করতে চান। সঙ্গে কিপিং নিয়েও কাজ করছেন বলে বলছিলেন ইমন, ‘ব্যাটিং নিয়ে অনেক কাজ করছি, কিপিং নিয়েও মুর্তাজা স্যার আছেন উনার সঙ্গে কাজ করছি, ফিল্ডিংও ভালো হচ্ছে সব মিলিয়ে। অনেক কিছু মিল আছে। নতুন কোচ ওনার সঙ্গে কাজ করছি, ওনার নতুন টেকনিক আছে সেটাই চেষ্টা করছি।’