মেসি-বার্সার বিস্মরণযোগ্য ‘সূচনা’

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:০৬

স্পোর্টস ডেস্ক

লা লিগায় বার্সেলোনা যেন জিততেই ভুলে গেছে! শনিবার রাতে আলাভেসের মাঠে ১-১ ড্র করায় কাতালানদের জয়হীন যাত্রাটা চার ম্যাচে গিয়ে ঠেকেছে। ২০০২ সালের পর এরচেয়ে বাজেভাবে আর কখনো মৌসুম শুরু করেনি দলটি।

বার্সার সময় ভালো কাটবে কি করে? সময়টা যে ভালো যাচ্ছে না অধিনায়ক লিওনেল মেসিরও। আলাভেসের বিপক্ষেও গোলশূন্য ছিলেন তিনি। ফলে মৌসুমে পেনাল্টি ছাড়া গোল না পাওয়া ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াল আটে। ক্যারিয়ারে আর কখনোই মৌসুমের শুরুতে এত বড় গোল খরা কাটাননি ছয়বারের ব্যালন ডিঅর জয়ী।

দুয়ের মিশেলে শনিবার রাতে আলাভেসের মাঠে হারও হতে পারত মেসিদের নিয়তি। প্রথমার্ধে গোলরক্ষক নেতোর ভুলে হজম করা গোলের জবাবটা দেন আন্তনিও গ্রিজমান। তাতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ছয় ম্যাচ শেষে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২তম অবস্থানে আছে দলটি। দলটির ডাচ কোচ উদ্বিগ্ন তাতে। আরেকটু স্পষ্ট করে বললে দলের আক্রমণ নিয়েই বড় দুশ্চিন্তায় কোম্যান, ‘এটা আচরণের সমস্যা বলে মনে হচ্ছে না আদৌ, মনোযোগেরও নয়। গোলমুখে আস্থার প্রশ্ন এটা। তার ওপর আলাভেসকে গোলটা আমরাই উপহার দিয়েছি। তবে আপনি যদি অনেক সুযোগ সৃষ্টি করে একটা মাত্র গোল করেন, তাহলে ব্যাপারটা ভালো নয় আদৌ।’

এর আগে জুভেন্তাসের বিপক্ষেও অনেক সুযোগ নষ্ট করে ২-০ ব্যবধানে জিতেছিল দলটি। কোচ কোম্যান উন্নতি চাইছেন এখানেই। বললেন, ‘গোলের সামনে আমাদেরকে আরো ভালো নৈপুণ্য দেখাতে হবে। চূড়ান্ত পাসটা, চূড়ান্ত শটটা ভালো হতে হবে। এতগুলো সুযোগ নষ্ট করতে পারি না আমরা। আমরা অনেক বেশি সুযোগ নষ্ট করছি।’

বার্সার সম্পূর্ণ বিপরীত চিত্র মাদ্রিদে। রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে হুয়েস্কাকে। রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষেও।

অ্যাটলেটিকো তো আরো অপ্রতিরোধ্য! হোয়াও ফেলিক্সের জোড়াগোলে ওসাসুনার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা। এতে করে লা লিগায় অ্যাটলেটিকোর অপরাজেয় যাত্রা উন্নীত হয়েছে ২২ ম্যাচে। এ সময়ে ১৩ জয়ের পিঠে ড্র করেছে ৯ ম্যাচে।