স্পোর্টস ডেস্ক
অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলবেন তিনি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলার পর আর কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে মাঠে নামেননি ইরফান। গত মার্চে স্রেফ দুটি প্রীতিম্যাচ খেলেছেন ভারতের সাবেকদের হয়ে। ধারাভাষ্য দিচ্ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এমন অবস্থাতেই দিলেন ফেরার ঘোষণা।
৩৬ বছর বয়সি ইরফান বলেন, ‘এলপিএল খেলতে মুখিয়ে আছি আমি। হ্যাঁ, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আমি অবসর নিয়েছি তবে বিশ্ব জুড়ে খেলতেই পারি। আশা করি, মজা নিয়ে খেলতে পারব এখন, গত দুই বছরে যা পারিনি। আমার মনে হয়, এখনো কিছুদিন খেলতে পারি আমি। ধীরে ধীরে শুরু করব, দেখব কীভাবে এগোয়, এরপর সামনে তাকাব।’
ভারতীয় ক্রিকেট সক্রিয় ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। এমনকি সদ্য অবসরে যাওয়া ক্রিকেটারদেরও কখনো দেখা যায়নি বাইরের লিগে খেলতে। তবে অবসরের ঘোষণা দেওয়ায় ইরফানের খেলতে কোনো বাধা থাকার কথা নয়। ইরফান ছাড়াও আরেক ভারতীয় পেসার মানপ্রিত গনি এলপিএলে আছেন কলম্বো কিংস দলে।
