প্রয়োজন বিবেকের জাগরণ

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:১৪

সজীব গাছপালা তার মমতাজড়ানো অদৃশ্য পরশে আমাদের আগলে রেখেছে। অনেকেই বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে থাকেন। বাড়ির আঙিনা, উঠান ছাপিয়ে এখন বড় বড় শপিংমল-মার্কেটেও টবে গাছ দেখা যায়। এটি যেমন শোভাবর্ধন করে, তেমনি নীরবে জোগান দিয়ে চলেছে অক্সিজেন। কিন্তু পাবলিক প্লে­সে অনেকে পানের পিক, থুতু থেকে শুরু করে সিগারেটের শেষাংশও ফেলছেন এই গাছের গোড়ায়। যার ফলস্বরূপ সজীব গাছগুলো নির্জীব হয়ে পড়ছে। আমাদের পরম বন্ধুর প্রতি এমন আচরণ কখনোই কাম্য হতে পারে না। জীবনধারণের অন্যতম এ সহযোগীকে সজীবতার বাহুডোরে বন্দি করতে প্রয়োজন বিবেকের জাগরণ। গাছের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি প্রতিটি পাড়া-মহল্ল­ায় নিজ উদ্যোগে গাছ রোপণে আত্মনিয়োগ করতে হবে। উদ্যোগ নিতে হবে পরিবার থেকেও। গাছের জন্যে যার যার জায়গা থেকে প্রদর্শিত হোক সহমর্মিতা।

রেদ্বওয়ান মাহমুদ

শিক্ষার্থী, এমসি কলেজ, সিলেট