দাকোপ (খুলনা) সংবাদদাতা
দাকোপে কাজিবাছা নদীর ভাঙনে পানখালী এলাকার খলিসা স্লুইচ গেট সংলগ্ন ওয়াপদা বেড়িবাঁধটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে বাঁধটি সম্পূর্ণ বিলীন হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য জ্যোতি শংকর রায় জানান, এ বিষয়ে একাধিকবার পাউবোর কর্মকর্তাদের অবগত করেও কোনো লাভ হয়নি। চলতি পূর্ণিমায় নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙন তীব্র হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, আগে খোনার ভাঙনকবলিত বাঁধের কাজ শেষ করে নিই, তারপর পানখালীরটা দেখব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, বাঁধ সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
