কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বৃদ্ধ কাছুম আলীকে হত্যা মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো—রেখা আক্তার ও হামিদা বেগম। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মামলার বিবরণে প্রকাশ, ২০১৬ সালের ২৪ মার্চ উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের একটি পুকুরে ময়লা কাপড় ধোয়াকে কেন্দ্র করে কমলা বেগম ও রেখা আক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেখা আক্তারের মেয়ে বৃষ্টি আক্তার ও হামিদা বেগম এসে যোগ দিয়ে কমলা বেগমকে মারপিট করে। চিত্কার শুনে কমলা বেগমের বৃদ্ধ বাবা কাছুম আলী এগিয়ে এলে তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে কমলা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।