গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে তরুণীকে গণধর্ষণের অভিযোগে শনিবার রাতে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. শুকুর, রনি এবং বাবু। ঐ রাতেই উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড়ে মুন্টির বাগানে এ গণধর্ষণের ঘটনা ঘটে। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান, গণধর্ষণের শিকার ঐ তরুণী রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। তবে তিনি রাজশাহী মহানগরীর শাহামখদুম এলাকায় ভাড়া থাকেন। সে কারণে কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একজনকে আটক করা হয়। পরে দামকুড়া থানা ও গোদাগাড়ী মডেলসহ তিন থানা মিলে অভিযান চালিয়ে আরো দুই জনকে গ্রেফতার করা হয়। গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম বলেন, গণধর্ষণের ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
