রাজশাহীতে পদ্মার নাব্য রক্ষার দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার, রাজশাহী পদ্মায় নাব্য রক্ষা করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবিতে রবিবার রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগরের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসক আবদুল জলিল বরাবর স্মারকলিপি দেন। এতে ১৮ দফা দাবি জানানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এই স্মারকলিপি গ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু ও জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা।
মাঠ দিবস অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ফকিরহাটে উন্নতমানের ধান, গম ও পাটের বীজ উত্পাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে টাউন নওয়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাটের উপপরিচালক (ভারপ্রপ্ত) সঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন।
নিরাপদ সড়কের দাবিতে সংবাদ সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি সড়ক পরিবহন আইন ২০১৮-এর পূর্ণ বাস্তবায়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে রবিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মতিয়র রহমান খান প্রমুখ। পরে এ সংক্রান্ত স্মারকলিপি সাংবাদিকদের কাছে প্রদান করা হয়।
ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে নবনির্মিত উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রবিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) বেগম সাহান আরা বানু এ ভবনের উদ্বোধন করেন। এসময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত সচিব ও ঢাকা বিভাগীয় পরিচালক মো. শরিফুল ইসলাম প্রমুখ।
মানবপাচার ও বাল্যবিবাহ রোধে মতবিনিময়
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা উপজেলা প্রশাসন ও জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের সহযোগিতায় মানবপাচার, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ রোধে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে নেপা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
মাধ্যমিক শিক্ষক পরিবারের সম্মেলন অনুষ্ঠিত
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরায় মাধ্যমিক শিক্ষক পরিবারের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ রবিবার সকালে মরজাল ওয়ান্ডার পার্কে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ লায়লা কানিজ লাকি। বিশেষ অতিথি ছিলেন আদিয়াবাদ ইসলামিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া।
শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতায় উঠান বৈঠক
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের উদ্যোগে করোনাকালীন সময়ে ছোট বন্ধুদের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পূর্ব জেয়ালা নলতা গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পূর্ব জেয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা।
নারী জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ডেমক্রেসিওয়াচ অপরাজিতা প্রকল্পের আওতায় সৈয়দপুরে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ।
০
