ঈশ্বরদীতে টেন্ডার নিয়ে সংঘর্ষে আহত ৫

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:৪৬

ঈশ্বরদীতে ফলের বাগানের টেন্ডার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। গতকাল রবিবার ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হটিকালচার সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী মুশফিককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও যুবলীগ কর্মী রবিউল ইসলামকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হটিকালচার সেন্টারের ২০২০-২১ অর্থবছরে মৌসুমি ফল (আম, লিচু ও কুল) এক মৌসুম মেয়াদে লিজে বিক্রির দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। সকালে টেন্ডার জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শহরের শহিদ আমিনপাড়া এলাকার রবিউল ইসলাম ও আলোবাগ এলাকার মুশফিককে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। এসময় আরো তিন জন আহত হন এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত রবিউল ও মুশফিককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মুশফিকের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।