সোনারগাঁওয়ে হাজি সেলিমের দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২২:১৩

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাটে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধারে মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কোম্পানির অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। মদিনা গ্রুপ কর্তৃপক্ষকে দখল ছেড়ে দিতে তিন দিনের সময় বেঁধে দিয়ে নোটিশ দিয়েছে সোনারগাঁ উপজেলা ভূমি কার্যালয়। এ সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন।

জানা যায়, মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি সেলিম তার মালিকানাধীন মদিনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য মেঘনাঘাট এলাকায় চর রমজান সোনাউল্লাহ মৌজায় দিয়ারা ১ নম্বর খাস খতিয়ানভূক্ত ৭৪১০, ৭৪১২, ৭৪১৪, ৭৬২৮, ৭৬৩৫, ৭৬৩৬, ৭৬৪৪, ৭৬৪৫, ৭৬৫৩ ও ৭৬৫৭ দাগে ১ দশমিক ০৮৪৪ একর এবং ৯৬০১ দাগে ২ দশমিক ৩৩২০ একর জমিতে বালু ফেলে সেগুলো দখল করে নিয়েছেন। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি সেলিমকে সরকারি সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়।