বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ঐ ছাত্রীর করা মামলায় গ্রেফতার করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন সাদাতকে। গত শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
প্রেমের সম্পর্কের সুবাদে সাদাতের কাছে আপত্তিকর ছবি আসে ঐ ছাত্রীর। হঠাত্ সম্পর্কের অবনতি হলে আগেই সংগ্রহ করে রাখা ছাত্রীর বেশ কয়েকটি আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। ঐ ঘটনায় ছাত্রীর করা মামলায় ছাত্রটিকে গ্রেফতারের পর গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি অগ্রহণযোগ্য। পুলিশকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
