হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে প্রেমিকার পরিবারের লোকজনের নির্যাতনের শিকার হয়েছে ফয়সল (২২) নামে এক কলেজছাত্র। তাকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার দ্বিমুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফয়সল চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের হাসারগাও গ্রামের আহসান উল্লার ছেলে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।
ফয়সলের পরিবার জানায়, ফয়সলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম রয়েছে দ্বিমুড়া গ্রামের কুয়েত প্রবাসী আবদুল হাইয়ের কন্যা লিজা আক্তারের। ফয়সল ও লিজা একই কলেজে পড়ে। লিজার মা বিষয়টি ভালোভাবে নেয়নি। মায়ের পরামর্শে ফয়সলকে বাড়িতে ডাকে লিজা। ফয়সল লিজার বাড়িতে যায়। লিজার চাচাতো ভাই এমরানকে সঙ্গে নিয়ে লিজার পরিবারের লোকজন ফয়সলকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। একপর্যায়ে তারা ডাকাত বলে পুলিশে খবর দেয়। বাহুবল মডেল থানার পুলিশ এসে ফয়সলকে উদ্ধার করে। পরে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে ফয়সলকে।
গতকাল রবিবার ফয়সলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফয়সলের মা বলেন, আমার ছেলের সারা শরীরে জখম হয়েছে। তাকে বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, শুনেছি প্রেমঘটিত বিষয়ে ছেলেটিকে নির্যাতন করা হয়েছে।
