বরিশালে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও চার জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১ লাখ ৭৮ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।
মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশালের বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা প্রদান ছাড়াও জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় জব্দ করা ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, এবারের অভিযানে এই পর্যন্ত বরিশাল জেলায় ৪৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬৫ জনকে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এই সময়কালে ২৭ লাখ মিটার জাল বিনষ্ট করা হয়েছে।
ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনাবিষয়ক
সফটওয়্যার পাইলটিং প্রশিক্ষণ
বরিশালে দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনাবিষয়ক সফটওয়্যার (২য় পর্যায়) পাইলটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা মেনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদোগে দিনব্যাপী এই পাইলটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কমর্সূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীল।
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচির এক পর্যায়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে হোল্ডিং এন্ট্রি, দৈনিক আদায় এন্ট্রি, ক্যাশ ও পাস বই এন্ট্রি, লেজার রিপোর্ট, দৈনিক আদায় ও মাসওয়ারী রিপোর্ট, ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এলডি ট্যাক্স ক্যালকুলেটর, ২ নম্বর রেজিস্ট্রার আপডেট, সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক রেজিস্ট্রার-২ যাচাইসহ ভূমি উন্নয়ন করবিষয়ক নানা বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন প্রশিক্ষকরা।
