কুষ্টিয়ায় মাদকসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২২:৫৫

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ অনি ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সহসম্পাদক আমির হোসেন অভিকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে দৌলতপুর বিজিবি চেকপোস্ট থেকে বিজিবি ৪৭, ব্যাটালিয়ন সদস্যরা তাদের গ্রেফতার করে। গতকাল রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দৌলতপুর উপজেলা এলাকায় বিজিবি ৪৭, ব্যাটালিয়নের আওতাধীন একটি ক্যাম্পের চেকপোস্টে মোটরসাইকেল আরোহী অনি ও অভিকে ছয় বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। পরে আলামতসহ রাতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এছাড়া গতকাল বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরে অভি ও অনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত ঘেঁষা উপজেলা দৌলতপুর থেকে ফেনসিডিল কিনে কুষ্টিয়া শহরে মাদক সরবরাহসহ মাদক কারবার চালিয়ে আসছিল।