ট্রাম্পের সভার জন্য করোনায় মারা গেছে সাত শতাধিক

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২২:৫৮

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসভার কারণে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ৭০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। গত ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এসব জনসভা অনুষ্ঠিত হয়। খবর দ্য হিলের

মার্কিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ১৮টি জনসভা করেছেন। গবেষকরা জানিয়েছেন, জনসভায় যেভাবে আক্রান্তের ঘটনা ঘটেছে তাতে প্রতি ১০ লাখে ২৫০ মানুষ সংক্রমিত হয়েছে। ৭০০-এর বেশি মানুষের প্রাণ গেছে। যদিও এদের মধ্যে সবাই জনসভায় যোগ দেননি। এক জন থেকে আরেক জন আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে সমীক্ষা করেছেন তার নাম দিয়েছেন ‘দ্য অ্যাফেক্টস অব লার্জ গ্রুপ মিটিংস অন দ্য স্প্রেড অব কোভিড-১৯ : দ্য কেস অব ট্রাম্প র্যালিজ’।

সংক্রামক বিশেষজ্ঞরা বারবারই জনসভা করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছিলেন। এমনকি মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মানার বিষয়টিতেও গুরুত্ব দিয়েছিলেন; কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের জনসভায় এর কোনোটিই মানা হয়নি। গবেষকরা যেসব এলাকায় সমাবেশ হয়েছে সেখানে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য ট্রাম্পের সমাবেশকে দায়ী করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের উপ-প্রেসসচিব কার্টনি প্যারেলা বলেছেন, সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য শোনার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচারণা মুখপাত্র অ্যান্ড্রিউ বেটস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইগো ঠিক রাখতেই সমাবেশ করেছেন এবং যাতে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে।