পরিবহন সেক্টরের অশুভ শক্তি দূর করতে ১ জানুয়ারি থেকেই নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, অদৃশ্য কারণে ২০১৯ সালে নতুন সড়ক আইনটি মাত্র দুই সপ্তাহ পর গতি হারিয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও ২০১৯ সালের ১ নভেম্বর প্রয়োগের দিন থেকেই নতুন সড়ক আইনটি হোঁচট খায়। আইনটির যথাযথ প্রয়োগে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবহন সেক্টরের একটি অশুভ শক্তি। যদিও জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইনের সংস্কার সময়ের দাবি ছিল।
সড়কে বিশৃঙ্খলার চিত্র তুলে ধরে ইলিয়াস কাঞ্চন বলেন, সরকারও বিভিন্ন সময়ে ১৯৮৩ সালে প্রাণীত আইনটিকে সময়োপযোগী করার উদ্যোগ নেয়। ২০১৮ সালে বেশ কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন এ আইন পাশের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। নতুন আইন পাশ হয়।
