রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় সুমাইয়া নামে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী মাসুমা বিনতে মইনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অমানবিক নির্যাতনের শিকার ১০ বছরের শিশু গৃহকর্মীকে উদ্ধার করে চিকিত্সার জন্য গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, শনিবার রাতে নির্যাতনের অভিযোগে শিশুটির পরিবার গৃহকর্ত্রী মাসুমা বিনতে মইনকে আসামি করে মামলা করে। সাত মাস ধরে শিশু সুমাইয়া মোহাম্মদপুরের শের শাহ সুরি রোডের ২০/১১ নম্বরে মাসুমার বাসায় কাজ করছিল। কাজের বিভিন্ন ভুল ধরে এবং নানান অযুহাতে শিশুটিকে মারধর করতেন মাসুমা। এমনকি শিশুটির পিঠে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা এবং গরম পানি শরীরে ছিটিয়ে দেওয়া হতো। নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে সে গত শুক্রবার ঐ বাসা থেকে পালিয়ে যায়। রাস্তার লোকজন তাকে ময়মনসিংহ রুটের বাসে উঠিয়ে দেয়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে গত শনিবার তাকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকায় আসেন এবং মোহাম্মদপুর থানায় মামলা করেন। রাতেই মাসুমাকে গ্রেফতার করে পুলিশ। শিশুটিকে চিকিত্সার জন্য গতকাল রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
