বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না ---নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০০:২২

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমরা যারা রাজনীতি করি সে জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছি; আমাদের পছন্দের লেখক, সাহিত্যিক ও সাংবাদিক আছে, নেতৃত্বে পছন্দ-অপছন্দ এবং রাজনৈতিক দলের পছন্দ-অপছন্দ থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে যারা বিতর্ক করে তারা বাংলাদেশকে ধারণ করতে পারে না; তাদের ধারণ করতে কষ্ট হয়। এ জায়গাটায় আমাদেরকে সতর্কতার সঙ্গে পথ চলতে হবে।

রবিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রদর্শনী ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিআরইউ মুজিববর্ষ উদ্যাপন কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাজাহান সরদার, বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ডিআরইউ মুজিববর্ষ উদ্যাপন কমিটির আহবায়ক হাবীবুর রহমান, নারীবিষয়ক সম্পাদক ও ডিআরইউ মুজিববর্ষ উদ্যাপন কমিটির সদস্য-সচিব রীতা নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য আহম্মেদ মুশফিকা নাজনীন।