রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের ফের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক মবিনুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুদিন করে রিমান্ডের আদেশ দেন। এর আগে, ২৮ অক্টোবর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২৬ অক্টোবর ভোরে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। এ মামলার আসামিরা হলেন—সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ (৩৫), হাজি সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমানসহ (৩০) অজ্ঞাত দুই থেকে তিন জন।
