এসএমই খাতে প্রণোদনা ঋণ বিতরণের সময় এক মাস বাড়ল

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০০:২৫

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে ক্ষুদ্রশিল্পের প্রণোদনার ঋণ বিতরণ করতে পারে, এজন্য বিতরণের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে রবিবার জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য গঠিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এতে বলা হয়, কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ করতে না পারায় সিএমএসএমই খাতে কাঙ্ক্ষিত উত্পাদন ও সেবা প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলোর কর্মী বহাল রাখাসহ অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ খাতের জন্য ঐ প্রণোদনা প্যাকেজের আওতায় মাত্র ৪ দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ বিতরণের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে এখন পর্যন্ত এ খাতের বরাদ্দের মাত্র ৪০ ভাগ বিতরণ হয়েছে। এ কারণে এ খাতের সব ঋণ বিতরণের জন্য সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক।