ইংল্যান্ডে ফের বাড়লো লকডাউনের সময়সীমা

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০১:০৫

রবিবার ব্রিটিশ মন্ত্রীপরিষদের একজন সিনিয়র সদস্য জানিয়েছেন, ব্রিটেনের করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য ইংল্যান্ডজুড়ে ফের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। 

বার্তা সংস্থা রয়টার্স জানান, ৪ নভেম্বর থেকে শুরু করে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ডজুড়ে লকডাউন জারি থাকবে। এ সময় লোকজন সুনির্দিষ্ট কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না।

করোনা মহামারীতে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু ঘটেছে যুক্তরাজ্যে। এখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দেশটিতে দৈনিক ২০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। পরিস্থিতি মারাত্মক হয়ে উঠলে মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

রাষ্ট্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উয়িটি ও প্রধান বিশেষজ্ঞ উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্সকে নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের এখনই তৎপর হতে হবে। তৎপর না হলে আমাদের এই দেশে দৈনিক কয়েক হাজার মৃত্যু হতে পারে।

এছাড়াও দক্ষিণপশ্চিম ইংল্যান্ডে সংক্রমণের সংখ্যা সবচেয়ে কম হওয়া সত্ত্বেও পরিস্থিতি এইরকম চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতালগুলোতে আর রোগী ভর্তি করার মতো জায়গা দিতে পারবে না সরকার।

তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে পার্ক, রেস্তোরাঁ, জিম ও অপরিহার্য নয় এমন পণ্য বিক্রয়কারী দোকানগুলো চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

বিরোধী দলের নেতা কায়ার স্টারমার বলেন, গত মাসে যখন স্কুলগুলি অর্ধ-মেয়াদে বন্ধ ছিল তখন সরকার এই লকডাউন কে আরও ভালোভাবে কার্যকর করতে পারতো। একটি সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেছে সরকার।

শনিবার যুক্তরাজ্যে আরও ২১ হাজার ৯১৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এদের নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ১১ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।

ইত্তেফাক/এএইচপি/জেডএইচডি