এসএমই খাতে প্রণোদনা: ঋণ বিতরণের সময় বাড়লো ১ মাস 

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০৫:৫৩

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে ক্ষুদ্রশিল্পের প্রণোদনার ঋণ বিতরণ করতে পারে এজন্য বিতরণের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে রবিবার জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায় যে, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য গঠিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এতে বলা হয়, কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ করতে না পারায় সিএমএসএমই খাতে কাঙিক্ষত উৎপাদনও সেবা প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলোকে কর্মী বহাল রাখাসহ অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিএমএসএমই খাতের জন্য ওই প্রণোদনা প্যাকেজের আওতায় মাত্র চার দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ বিতরণের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে এখন পর্যন্ত এ খাতের বরাদ্দের মাত্র ৪০ ভাগ বিতরণ হয়েছে। এ কারণে এ খাতের সব ঋণ বিতরণের জন্য সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক।

ইত্তেফাক/জেডএইচডি