ফ্রান্স ও মুসলিম বিশ্বের মধ্যে বিরোধ বাড়তে থাকায় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো তার 'বিভেদমূলক বক্তব্য' প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে ইউরোপের ২০টিরও বেশি মুসলিম সংগঠন। শনিবার এক খোলা চিঠিতে নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও ইতালিসহ বেশ কয়েকটি দেশের মুসলিম সংগঠন জানিয়েছে, গত মাসে একটি গির্জার শিক্ষক এবং তিন উপাসককে হত্যার পর ফরাসি নেতা তার নেতৃত্বের নৈতিকতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।
খোলা চিঠিতে তারা আরও জানায়, ইসলামকে এবং তার দেশের মুসলিম নাগরিকদের অবজ্ঞা করা, মসজিদ ও মুসলিম মানবাধিকার সংগঠনগুলি বন্ধ করে দেওয়া সহ যে পদক্ষেপ গুলো নিচ্ছেন তাতে বর্ণবাদই এবং সহিংস উগ্রবাদীদের আরও উত্সাহ দেওয়া হচ্ছে। এছাড়াও তাকে এই বিভাজনমূলক বক্তৃতা প্রত্যাখ্যান করা এবং ম্যাক্রোকে নেতৃত্বকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ ভুলে সকলকে একত্রিত করার আহ্বান জানান তারা।
আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছেন, তার কথা বিকৃত করা হয়েছে, তার বিরোধী দলের রাজনৈতিক নেতারা ইচ্ছাকৃত ভাবে এই ব্যঙ্গচিত্রগুলি মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ক্যারিক্যাচারগুলি সরকারিভাবে প্রকাশিত হয়নি। তবে সরকারি অনুমোদনহীন কিছু সংবাদপত্র এগুলো প্রকাশ করেছে।
সম্প্রতি বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের কয়েক হাজার মানুষ ফ্রান্সবিরোধী বিক্ষোভ করেছে। অনেক দেশে বিক্ষোভকারীরা ফরাসি তৈরি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে। কুয়েত, জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও ফ্রান্সের প্রতি সকল ধর্ম ও বিশ্বাসের প্রতি পারস্পারিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও শান্তির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানায় জাতিসংঘ।
ইত্তেফাক/এএইচপি/জেডএইচডি
