এবার মুসলিমদের দমাতে মসজিদের গম্বুজ সরিয়ে নিচ্ছে চীন সরকার। সম্প্রতি টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনজুড়ে মসজিদ থেকে গম্ভুজ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিচ্ছে দেশটি। ইসলাম ধর্মের প্রতীক ও প্রভাব কমাতে দেশটি এমন কার্যকলাপ পরিচালনা করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইতোমধ্যে নিংজিয়া প্রদেশের ইয়ানচুয়াং অঞ্চলের নানগুয়ান মসজিদের উজ্জ্বল সবুজ রঙয়ের গম্বুজ এবং সোনালি মিনার সরিয়ে নেওয়া হয়েছে।
চীনে যুক্তরাজ্যের মিশনের উপ-প্রধান ক্রিস্টিনা ক্রিস্টিনা স্কটের শেয়ার করা ছবিতে দেখা গেছে, ওই মসজিদের রঙ এবং অলঙ্কার তুলে ফেলা হয়েছে।
এছাড়া চীনের 'ছোট মক্কা' নামে পরিচিত লিঙ্কিয়া শহরের মসজিদে সংস্কার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে এসব পরিচালনা করা হচ্ছে বলে প্রতিবেদনের খবর।
এছাড়া সম্প্রতি দেশটির বিরুদ্ধে শিনজিয়াং প্রদেশের হাজার হাজার মসজিদ একেবারে গুঁড়িয়ে বা আংশিক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
সেইসঙ্গে প্রায় ১০ লক্ষ মুসলিমকে জোরপূর্বক তাদের ধর্মীয় আচার পালন ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বলে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) রিপোর্টে দাবি করা হয়েছে। টেলিগ্রাফ, আরব টাইমস
ইত্তেফাক/এসআর
