হাসপাতালে চত্ত্বরে কৃষকলীগ-ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১০:৪৩

চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মহসিন রেজা ও ছাত্রলীগ নেতা রিগানকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে একদল অস্ত্রধারী ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়েছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত মহসিন রেজা (৪৮) চুয়াডাঙ্গা জেলা শহরের মাঝেরপাড়ার মুক্তার হোসেনের ছেলে এবং আহত রিগান (২৭) একই এলাকার আবুল আজমের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা রিগানের বাবা আবুল আজম অসুস্থতার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছেন। রবিবার রাতে রিগান ও তার মামা মহসিন রেজা হাসপাতালে যান এবং আবুল আজমকে দেখে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে কথা বলছিলেন দু’জন। এ সময় ৮/১০ জনের একটি দল মুখোশ পড়া অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের শরীরের বিভিন্নস্থানে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। তাদের ক্ষতস্থানে অসংখ্য সেলাই দিতে হয়েছে এবং শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। রাতেই আহত মহসিন রেজা ও রিগানকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

এদিকে, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস আহতদের দেখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিতে চুয়াডাঙ্গা সদর পরিদর্শনে যান। পরবর্তীতে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে ঘটনার পরপরই সদর হাসপাতাল এলাকাসহ শহরে পুলিশি নজরদারী জোরদার করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ