শায়েস্তাগঞ্জে নিখোঁজের পরদিন যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৫:৫৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আহমদ আলী শাওন (২২) নামে এক যুবক নিখোঁজ হওয়ার পরদিন তার লাশ পাওয়া গেছে পার্শ্ববর্তী একটি জলাশয়ে। 

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার মরড়া সড়কের পার্শ্বে নাগার্সিপুতা নামক স্থানে বিলের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত আহমদ আলী উপজেলার কদমতলী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।

আরো পড়ুনঃ নতুন বছরে সরকারি ছুটি ২২ দিন

নিহতের পরিবার জানায়- আহমদ আলী একজন মৃগীরোগী এবং সে মানসিক প্রতিবন্ধী ছিল।  রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।  আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তাকে পাওয়া না যাওয়ায়, ঐদিন সন্ধ্যায় নিহতের ছোট ভাই শাকিল শায়েস্তাগঞ্জ থানায় তার বড় ভাই নিখোঁজ হয়েছে মর্মে একটি সাধারণ ডায়েরী করেন।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কাছ থেকে জেনেছি, সে দীর্ঘদিন যাবত মৃগীরোগী ছিল।  হয়তো সে বিলের ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেনি।

ইত্তেফাক/এমএএম