দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড শিগগিরই নিয়ে আসছে আন্তর্জাতিক মানের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) ‘লার্নার্সক্যাফে’ এর আপগ্রেডেড ভার্সন। এই এলএমএসটি অতি দ্রুত আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটির। এটি ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯’ এর চ্যাম্পিয়ন অনলাইন এডুকেশন ভিত্তিক প্লাটফর্ম ‘লার্নার্সক্যাফে’ এর সম্প্রসারিত সংযোজন। ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াকত হোসাইন বলেন, ‘বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধারণ করে শিক্ষা ব্যবস্থাকে ডিসেন্ট্রালাইজ করা, সহজতর করা এবং যে কোনো প্রতিকূল অবস্থায় শিক্ষা ব্যবস্থা যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা মাথায় নিয়ে ২০১৬ সালে গোড়াপত্তন হয়েছিল অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ‘লার্নার্সক্যাফের’। ‘লার্নার্সক্যাফে এলএমএস’ এর নতুন ভার্সনটি ডেভেলপমেন্টে গত নয় মাস ধরে আমাদের ২০ জনের একটি প্রকৌশলী টিম কাজ করে যাচ্ছে।’ যে কোনো অনাকাঙ্ক্ষিত ও প্রতিকূল পরিবেশে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইন এডুকেশন চালিয়ে নেয়ার জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
