রিয়ালের বাঁচামরার লড়াই

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৪৮

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আজ নিজেদের বাঁচামরার লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে। দিনের অন্য ম্যাচগুলোয় মাঠে নামছে বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও।

চলতি মৌসুমে লা লিগায় রিয়ালের শুরুটা ভালো হলেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের চিত্রটা পুরোপুরি ভিন্ন। শাখটার ডনেটস্কের কাছে হেরে শুরুর পর কোনোক্রমে ড্র করেছে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে। দুই ম্যাচ থেকে মোটে এক পয়েন্ট পাওয়ায় আজ রাতে নিজেদের মাঠের এই ম্যাচে দলটির জন্যে জয়টা পরম আরাধ্য এক বস্তুতে পরিণত হয়েছে।

দলটির সামপ্রতিক ফর্ম অবশ্য আশার আলো দেখাচ্ছে কোচ জিনেদিন জিদানকে। শেষ ম্যাচেই দীর্ঘদিনের গোলখরা কাটিয়েছেন তারকা এডেন হ্যাজার্ড। দলও লিগে আছে দারুণ ছন্দে। লিগের ফর্মটা চ্যাম্পিয়ন্স লিগে টেনে আনতে পারলেই তো ১৩ বারের চ্যাম্পিয়নরা বর্তে যায়!

এদিকে শিরোপাধারী বায়ার্ন আজ রাতে প্রতিবেশী অস্ট্রিয়ার দল রেডবুল সালজবুর্গের আতিথ্য নেবে। দুই ম্যাচে দুই জয় নিয়ে অবশ্য দলটা আছে সুবিধাজনক অবস্থানেই। এদিকে লিভারপুল আজ রাতে খেলবে আটালান্টার বিপক্ষে। তার আগে দলটিকে চোখ রাঙাচ্ছে চোট। কোচ য়ুর্গেন ক্লপ অবশ্য মানিয়ে নেওয়ার মন্ত্রেই এগোচ্ছেন, ‘এমন এক সময়ে আছি যেখানে আমাদের মানিয়ে নিতে হবে। এটা খুবই তাড়াতাড়ি হয়েছে এ মৌসুমে। পরের ম্যাচটা অবশ্যই আমাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ অল রেডদের স্বদেশি ম্যানচেস্টার সিটি আজ রাতে নিজেদের মাঠে খেলবে অলিম্পিয়াকোসের বিপক্ষে।