করোনা আক্রান্ত রিয়ালের মিলিতাও

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৪৮

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও।

গতকাল সোমবার স্প্যানিশ ক্লাবটি এক বিবৃতিতে ব্যাপারটি জানায়। গত রবিবার রুটিন করোনা পরীক্ষায় ২২ বছর বয়সি এই ডিফেন্ডারের ফল পজিটিভ এসেছে। তবে দলের বাকি সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও সদস্যদের শরীরে করোনার অস্তিত্ব নেই বলে জানানো হয় বিবৃতিতে।

এর আগে রিয়ালের মারিয়ানো ডিয়াজের শরীরে করোনার অস্তিত্ব মেলে। ফলে আজ রাতে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে স্বাভাবিকভাবেই তাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। এতে করে ব্রাজিল দলও বড়সড় ধাক্কাই খেল। এর আগে ডিফেন্ডার অ্যালেক্স তেলেসও করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফলে ব্রাজিল রক্ষণের দুই খেলোয়াড়কে পাচ্ছে না আসন্ন ভেনেজুয়েলা ও উরুগুয়ে ম্যাচে।