২০১৮ সালে হওয়া হকির শেষ মৌসুমে খেলেনি ঊষা ক্রীড়া চক্র। সেবার প্রিমিয়ার লিগে না খেলার কারণে আগামী মৌসুমে খেলতে পারছে না ঊষা। হকির বড় দল ঊষাকে আসন্ন নতুন মৌসুমে প্রথম বিভাগ হকি লিগ খেলে প্রিমিয়ারে উঠে আসতে হবে। হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রায় সাড়ে চার ঘণ্টার সভা শেষে জানিয়েছেন প্রিমিয়ারে ঊষা খেলতে পারবে না।
গতকাল বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল এটি। গ্রহণ করাটা কঠিন হলেও সভাপতি বলেছেন, ‘গণতন্ত্রের ভেতরে থেকে, বাইলজ দেখে, কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
২০১৬ সালে পাঁচ ক্লাব লিগ বর্জন করেছিল তখনকার সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাকে অপসারণ করার জন্য। রহমতউল্লাহ সেই পদ ছাড়ার পর ২০১৭ সালের লিগ হয়েছিল পাঁচ ক্লাব নিয়ে। আইন ভাঙার পক্ষে না বর্তমান সভাপতি। অতীতে যা কিছু হয়েছে সেটা অতীতে। সুন্দর পথে চলতে হলে ত্যাগ করতে হবে। হকির স্বার্থটা মাথায় রাখতে চান এই সভাপতি। তিনি বলেন, ‘যে কোনো স্বার্থে হকিটাকে মাঠে রাখতে হবে। ঊষাকে খেলতে না দেওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবেও কষ্ট পাচ্ছি। কিন্তু কিছু করার নেই। গঠনতন্ত্রের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে মাসিহুজ্জামানের পাশেই ছিলেন ঊষার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার। খেলার বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছেন তিনি। রশিদ সিকদার বলেন, ‘দলবদলের সময় বৃদ্ধির দাবি করেছিলাম। কিন্তু আমাদের নাম না রেখেই লিগের ফিকশ্চার ঘোষণা করেছিল। আমরা কীভাবে রেলিগেটেড হলাম বুঝলাম না।’ ঊষার জন্য কালো দিন মানতে বাধ্য হলেন রশিদ সিকদার।
মাহুতটুলী স্পোর্টিং ক্লাবের স্বত্ব নিয়ে নতুন নামে ৮৪ সালে দ্বিতীয় বিভাগ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উঠেছিল ঊষা। ৯৪ সালে প্রিমিয়ার লিগ শুরু হলে ঊষা প্রিমিয়ারে খেলে হ্যাটট্টিক চ্যাম্পিয়নও হয়েছিল। দেশের ক্লাবগুলো একাধিক খেলা খেলে থাকে। একমাত্র ঊষা শুধু হকি খেলে। দেশের হকিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঊষার অবদান অপরিসীম। তুচ্ছ ঘটনায় ঊষাকে প্রথম বিভাগে খেলতে হবে।
