মার্কিন নির্বাচন: দুই রানিং মেট কমলা হ্যারিস ও মাইক পেন্স

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৫১

আজকের নির্বাচনে প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন ভোটাররা রায় দেবেন কে হবেন দেশটির পরবর্তী ভাইস প্রেসিডেন্ট। এক্ষেত্রে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। —এএফপি/বিবিসি

কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে। তার পিতা ডোনাল্ড জে হ্যারিস এক জন জ্যামাইকান বংশোদ্ভূত এবং মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।  কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন (২০১০) এবং দুই বছর দায়িত্ব পালন করেন। তিনি সুপরিচিত হয়ে উঠেছিলেন বিপক্ষের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য। আমেরিকায় বর্ণবৈষম্যের ব্যাপারে ডেমোক্র্যাট প্রার্থীদের টিভি বিতর্কে জো বাইডেনকেও তিনি প্রশ্নবাণে জর্জরিত করতে ছাড়েননি। কিন্তু সেই বাইডেনেরই রানিংমেট হিসেবে আবির্ভূত হওয়ার পর ৫৫ বছর বয়স্ক এই সাবেক অ্যাটর্নি জেনারেল এখন আবার ফিরে এসেছেন মনোযোগের কেন্দ্রে। নভেম্বরের নির্বাচনে যদি জয়ী হন, তাহলে কমলা হ্যারিসই হবেন প্রথম আমেরিকান নারী, কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। এ বছর মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় মেয়াদের জন্য তার রানিং মেট হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বলা হয়, গত চার বছরে হোয়াইট হাউজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন পেন্স। মাইক পেন্সের জন্ম ১৯৫৯ সালের ৭ জুন ইন্ডিয়ানা রাজ্যের কলম্বাস শহরে এক ক্যাথলিক খ্রিস্টান পরিবারে। আইনসভার সদস্য হিসেবে পেন্সের ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সদস্য ছিলেন। এছাড়া তিনি হাউজ রিপাবলিকান কনফারেন্সেরও সভাপতি ছিলেন, যা পার্টির নেতৃস্থানীয় পদগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ। ২০১৩ থেকে চার বছরের জন্য ইন্ডিয়ানার গভর্নর ছিলেন মাইক পেন্স। সে সময় তিনি নিজেকে বর্ণনা করেছিলেন ‘যথাক্রমে এক জন খ্রিস্টান, এক জন রক্ষণশীল এবং এক জন রিপাবলিকান’ বলে। মাইক পেন্স গর্ভপাতের এক জন কড়া বিরোধী হিসেবে পরিচিত। ইন্ডিয়ানায় তিনি যে গর্ভপাতবিরোধী আইন করেছিলেন তা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম কঠোর আইন।